
নিউজ ডেস্কঃ বাংলাদেশের নারীরা আজ অনেক সাহসী।যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মানবতাবিরোধী অপরাধের মামলায় নালিতাবাড়ীর বিধবাপল্লীর নারীরা যে সত্য সাক্ষী দিয়েছেন,তার ভিত্তিতেই সর্বোচ্চ আদালত কামারুজ্জামানের ফাঁসি বহাল রেখেছেন এবং রায় কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা নালিতাবাড়ীর শহীদ সার্জেন্ট আহাদ চত্বরে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
মন্ত্রী বলেন,১৯৭১ সালের ২৬ জুলাই নালিতাবাড়ীতে কামরুজ্জামানের নেতৃত্বে পাক হানাদার বাহিনী ১৮৭ জন পুরুষকে হত্যা করেছিল। দীর্ঘদিন পরে হলেও সোহাগপুরের বিধবাপল্লীর নারীরা আদালতে দাঁড়িয়ে কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। তাতেই প্রমাণ করে,এ দেশের নারীরা আর পিছিয়ে নেই। জঙ্গিবাদের বিরুদ্ধে নারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন,মানুষ মারার অধিকার কারো নেই। জঙ্গিরা ইসলামের নামে মানুষ হত্য করছে। তা ইসলাম কোনো দিন সমর্থন করে না।
কর্মজীবী মহিলা হোস্টেল কাম ট্রেনিং সেন্টারের উর্ধ্বমুখী ভবন সম্প্রসারণ ও তৃতীয় তলা উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। সরকারের নিজস্ব তহবিল থেকে প্রায় ৫কোটি টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর।