
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় ফের শুরু হয়েছে ‘অপারেশন ঈগল হান্ট’। আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে অভিযান শুরু হয়। অভিযান শুরুর পরপরই গুলির শব্দ পাওয়া যায়। গতকাল বুধবার ভোর থেকেই পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকায় ওই বাড়িটি ঘিরে রেখেছে। রাতে অভিযানে বিরতি ঘোষণা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,আজ বৃহস্পতিবার সকালে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পৌঁছানোর পরপরই ফের অভিযান শুরু হয়। এর আগে গতকাল বুধবার (২৬ এপ্রিল) রাত ৯টা ৫ মিনিটে ওই আস্তানার সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান স্থগিত রাখার ঘোষণা দেন সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের (এসএজি) উপ-পুলিশ কমিশনার প্রলয় কুমার জোয়ার্দার। এ সময় তিনি বলেন,আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে অভিযান আবারও শুরু করা হবে।
গতকাল বুধবারের প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই পুলিশ কর্মকর্তা জানান,মরা এখনও ভেতরে প্রবেশ করতে পারিনি। ফলে ভেতরে কয়জন আছে,তা বলতে পারছি না। অন্য এক প্রশ্নের তিনি বলেন,জঙ্গিরা ৫থেকে ৫টি বিস্ফোরণ ঘটিয়েছে। আমাদের ধারণা,তারা পুরাতন জেএমবির সদস্য।