News71.com
 Bangladesh
 27 Apr 17, 11:24 AM
 250           
 0
 27 Apr 17, 11:24 AM

জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্কঃ জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের ৫৫ তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ১৯৬২ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। ১৮৭৩ সালে ২৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। বাঙালি এই রাজনীতিবিদ রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরে বাংলা (বাংলার বাঘ) এবং ‘হক সাহেব’ নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন উপমহাদেশের এক প্রজ্ঞাবান রাজনীতিবিদ।

শেরে বাংলা কলকাতার মেয়র (১৯৩৫),অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩),পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪),পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-১৯৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন সংগঠন আলোচনা,মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি নিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ,ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের কর্মসূচি পালিত হবে।

শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ সকাল ৮টায় মরহুমের মাজার চত্ত্বরে এক আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইফ আ স ম ফিরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন,বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ উপস্থিত থাকবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন