
নিউজ ডেস্কঃ নিজের শরীরে ইনজেকশন পুশ করে ইউনাইটেড হাসপাতালের এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। তিনি হলেন-খোরশেদ আলম খোকন (৪১)। খোকন ইউনাইটেড হাসপাতালের শিশুরোগ বিভাগে চিকিৎসক হিসেবে ৭ বছর কর্মরত ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবার ও পুলিশ সূত্র জানায়।
এ ব্যাপারে উত্তরা পশ্চিম এসআই মিজানুর রহমান জানান,মৃত খোকন উত্তরার ১৩ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ অ্যাভিনিউ একটি বাড়ির ৪তলায় স্ত্রী ডাক্তার লুবনা সারমিন ও সন্তানদের নিয়ে থাকতেন। গত ২১ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় খোকনের। পরের দিন ২২ এপ্রিল বিকেল ৪টার দিকে আগের কর্মস্থল উত্তরা ৭ নম্বর সেক্টরের আরএমসি হাসপাতালে যান খোকন। সেখানে কর্তব্যরত নার্সদের মাধ্যমে নিজের হাতে একটি কেনাল করে আবার বাসায় ফিরে যান। রাতে ওই কেনাল দিয়ে নিজের শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে এবং পরিবারের কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।
নিহতের মামা আব্দুল মতিন জানান,পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে খোকনের প্রায়ই ঝগড়া হতো। এই ড়্গোভ থেকে খোকন আত্মহত্যা করেছে। তবে কি নিয়ে পারিবারিক কলহ ছিল তা নিশ্চিত মতিন। তার বাবার নাম হারেজ আলী। গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার আলীয়াকান্দায়।