
নিউজ ডেস্কঃ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, রাজনীতি ও সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বিশ্বের তরুণ সমাজকে আগ্রহী করে তুলতে এবং তরুণ নেতৃত্ব সৃষ্টিতে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) অব্যাহত ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল মঙ্গলবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে কমনওয়েলথ দিবস-২০১৭ এর ‘এ পিস বিল্ডিং কমনওয়েলথ’ বিষয়ে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। একইসঙ্গে তরুণ সমাজের গুরুত্ব প্রদান ও তাদের জন্য প্লাটফরম গড়ে তুলতে কমনওয়েথ পার্লামেন্টারিয়ানদের প্রতি আহ্বান জানান তিনি।
স্পিকার বলেন, কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। কমনওয়েলথের মূল্যবোধ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে বিশ্ব শান্তি আরও সুদৃঢ় ও সুসংহত হবে। তিনি বলেন, দেশে দেশে যুদ্ধাবস্থাই শুধু বিশ্ব শান্তির জন্য হুমকি নয়, বর্তমান বিশ্ব ব্যবস্থায় সন্ত্রাসবাদ, পরমাণু অস্ত্রের বিস্তার, ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ওপর আক্রমণ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।
সিপিএ চেয়ারপারসন আরও বলেন, বিশ্বের বিভিন্ন অংশে অব্যাহত সংঘাত ও সহিংসতার বিপক্ষে সিপিএ’র অবস্থান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সিপিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশ তরুণ। এ তরুণ সমাজকে গণতান্ত্রিক চর্চায় উদ্বুদ্ধ করে বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কমনওয়েলথ প্রধান রাণী দ্বিতীয় এলিজাবেথ ও সিপিএ’র সেক্রেটারি জেনারেল আকবর খান বক্তব্য রাখেন। এছাড়া সিপিএ’র ব্রাঞ্চগুলোর প্রতিনিধি, কমনওয়েলথ দেশগুলোর তরুণ প্রতিনিধি এবং এক হাজার স্কুল শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।