
নিউজ ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের প্রধান বিচারপতির মতো কোনো দেশের প্রধান বিচারপতি প্রকাশ্যে এত কথা বলেন না। এ সময় তিনি কোনো কষ্ট থাকলে তা নির্বাহী বিভাগকে জানানোর আহ্বান জানিয়েছেন। আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও এ সময় উপস্থিত ছিলেন।
আনিসুল হক বলেন,আমার কথা হচ্ছে,নিশ্চয়ই উনি প্রয়োজনে বলেন,আমি এটা অস্বীকার করি না। কিন্তু উনি এই সব কথাগুলো, উনার যদি কোনো দুঃখ কষ্ট থেকে থাকে, এই সব কথাগুলো যদি উনি পাবলিকলি না বলে আমাদেরকে জানান, তাহলে আমরা হয়তো সেগুলো সুরাহা করার চেষ্টা করতে পারি।
তিনি বলেন, আমি প্রধান বিচারপতির প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হয়ে বলব, আপনারা অনেক উন্নয়নশীল ও উন্নত দেশ দেখেছেন। আপনারা আমাদের প্রতিবেশী দেশও দেখেছেন। কোন দেশে বিচারকার্য ছাড়া মাননীয় প্রধান বিচারপতিরা এত কথা পাবলিকলি বলেন না।
প্রধান বিচারপতির বক্তব্য প্রসঙ্গে আনিসুল হক বলেন, গুরুত্ব আরোপে যে কথাটা এসেছে যে স্টেপ মাদারলি বিহেভিয়ার। আমার কথা হচ্ছে, স্টেপ মাদারলি বিহেভিয়ার যদি এই সরকারের আচরণের মধ্যে থাকত,তাহলে প্রধানমন্ত্রী এই সব জিনিসগুলো বিচারপতিদের জন্য করতেন না।