
নিউজ ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বর্তমানে চট্টগ্রাম থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ভাগ্নি ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহেজেবুন্নেছা টুম্পা। এরশাদের বারিধারার বাড়িতে এই আলোচিত বিয়ে অনুষ্ঠিত হয়।
বিয়েতে উকিল শ্বশুর হয়েছেন এরশাদের সহোদর ও জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের। মেয়ে পক্ষের সাক্ষী হয়েছেন দলের বর্তমান মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি। ছেলে পক্ষের সাক্ষী হয়েছেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বর জিয়াউদ্দিন বাবলু তার ভাই-বোন,ছেলে ও ছেলের বউসহ এরশাদের বাইরধারাস্থ প্রেসিডেন্ট পার্কের বাসভবনে আসেন। সাড়ে ১১টার সময় বাবলু এবং টুম্পার আকদ পড়ানো হয়।
সন্ধ্যায় নবদম্পতির সৌজন্যে খিলক্ষেতের লা মেরিডিয়ান রেস্টুরেন্টে আয়োজন করা হয় প্রীতিভোজের। প্রীতিভোজ অনুষ্ঠানে হুসেইন মুহম্মদ এরশাদ,জিএম কাদের কাদের,রুহুল আমিন হাওলাদার ছাড়াও দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি,সৈয়দ আবু হোসেন বাবলা এমপি,সুনীল শুভ রায়,এটিইউ তাজ রহমান,মেজর অব. খালেদ আখতারসহ দলের কয়েকজন শীর্ষনেতা উপস্থিত হন। প্রীতিভোজ অনুষ্ঠানে দলের নেতা এবং দুপক্ষের আত্মীয়-স্বজন দেখা গেলেও অন্য কোনো দলের নেতাদের দেখা যায়নি।
উল্লেখ্য,বর জিয়াউদ্দিন বাবলু এবং কনে মেহেজেবুন্নসা উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে। বাবলুর প্রথম স্ত্রী ফরিদা সরকার ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৫ সালে মারা যান। তার এক ছেলে আশিক আহমেদ। তার ছেলে ব্যবসার সাথে জড়িত এবং বিবাহিত। পক্ষান্তরে, টুম্পারও প্রথম সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত।