
নিউজ ডেস্কঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন,সংবিধানে নিরপেক্ষ সরকার বলে কিছু নেই। এ দেশে আর কোন দিন অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হবে না। বিএনপিকে চক্রান্ত ষড়যন্ত্রের পথ পরিহার করে সুষ্ঠু নির্বাচনের পথে ফিরে আসতে হবে।
তিনি আরো বলেন,কোন চক্রান্তই সফল হবে না। কোন দল নির্বাচনে এলো কী না এলো তা দেখার কোন সুযোগ নেই। এদেশের মানুষ আর হরতালের নামে অরাজকতা ও অশান্তি চায় না। আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে উন্নয়ন বিষয়ক সভায় পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ,চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য,পৌরসবার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,পল্লী বিদ্যুতের জিএম আজাহার আলী,শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিডি ডা. বাকির হোসেন,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম,স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন,পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শাহিন হাসান প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জঙ্গি দমন এবং দেশের সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফলতার কথা উল্লেখ করে স্বাস্থ্য সেবা,বিদ্যুৎ,শিক্ষা,সার বীজসহ কৃষি এবং খাদ্য উৎপাদনে বাংলাদেশের সফলতা বিশ্বে প্রশংসিত হয়েছে উল্লেখ করে বলেছেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের সঙ্গে ভাল আচরণ ও মন জয় করেই আওয়ামী লীগ আবার বিজয় লাভ করবে।