
নিউজ ডেস্কঃ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার ১২ দিনের সরকারি সফরে লেবানন ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।
সফরকালে নৌপ্রধান লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী,সশস্ত্র বাহিনী প্রধান,নৌবাহিনী প্রধান এবং বৈরুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে তিনি ইউনিফিল সদর দপ্তরে মেরিটাইম টাস্ক ফোর্সের কমান্ডার, মিশন প্রধান ও ফোর্স কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এরপর,নৌপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কার্যক্রমে ভূ-মধ্যসাগরে নিযুক্ত বাংলাদেশের দুটি যুদ্ধজাহাজ বানৌজা আলী হায়দার ও নির্মূল পরিদর্শন করবেন। সেখানে তিনি বিশ্ব শান্তিরক্ষায় জাহাজ দুইটির বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করবেন। এছাড়া তিনি জাহাজ দুইটিতে কর্মরত নৌসদস্যদের উদ্দেশে ইউনিফিল মেরিটাইম টাস্কফোর্সের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখবেন।
লেবানন সফরশেষে নৌ প্রধান আগামী ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর সফর করবেন। সেখানে তিনি জাতিসংঘের শান্তিরক্ষী বিভাগের সহকারি সেক্রেটারী জেনারেলের সাথে লেবাননে শান্তিরক্ষা কার্যক্রমে নিযুক্ত নৌবাহিনীর জাহাজ দুটির বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয় নিয়ে আলোচনা করবেন। সফর শেষে নৌপ্রধান আগামী ২ মে দেশে ফিরবেন।