News71.com
 Bangladesh
 20 Apr 17, 04:42 PM
 257           
 0
 20 Apr 17, 04:42 PM

প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

প্রতিবন্ধীদের স্বাবলম্বী করতে নানা উদ্যোগ নেয়া হয়েছে।। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন,সরকার দেশ ও জাতির উন্নয়নে কাজ করছে। দেশের পিছিয়ে পড়া মানুষদের,বিশেষ করে প্রতিবন্ধীদের স্বাবলম্বী  করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার বিকেলে অসচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। 

সিলেটের গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ আয়োজিত অনুষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য সরকারের নেয়া নানা উদ্যোগের বর্ণনা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন,প্রতিবন্ধীরা যাতে সমাজ এবং পরিবারের বোঝা না হয়ে দেশের সম্পদ হয়ে নিজ পায়ে দাঁড়াতে পারে,তারা যাতে অভিভাবকদের দুশ্চিন্তার কারণ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে সরকার পদক্ষেপ নিয়েছে। 

তিনি বলেন,এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শারীরিক প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট ও বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। এছাড়াও বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য আলাদা একটি একাডেমি করার কাজও শুরু হয়েছে। চলতি বছর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতির বই সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়ানো হবে।

গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএর সাধারণ সম্পাদক শাহিদুর রহমান জাবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী,গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিন,যুক্তরাজ্য যুবলীগ সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান,সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারি প্রক্টর এডভোকেট আব্বাস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলার মোট ৪৪ জন প্রতিবন্ধীর মধ্যে ৪৪টি হুইলচেয়ার ও খাবার বিতরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন