News71.com
 Bangladesh
 20 Apr 17, 02:20 PM
 255           
 0
 20 Apr 17, 02:20 PM

সুনামগঞ্জবাসীকে ৬ মাস নয়,৬ বছর খাদ্য নিরাপত্তা দেওয়া যাবে ।। ত্রাণমন্ত্রী

সুনামগঞ্জবাসীকে ৬ মাস নয়,৬ বছর খাদ্য নিরাপত্তা দেওয়া যাবে ।। ত্রাণমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জে দুর্যোগ ঘোষণা করার মতো কোনও পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। তিনি বলেন,দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। সুনামগঞ্জবাসীকে ৬ মাস নয়,৬ বছর খাদ্য নিরাপত্তা দেওয়ার সামর্থ্য সরকারের রয়েছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানুষকেও না খেয়ে মরতে দেবেন না। ক্ষতিগ্রস্ত হাওরবাসীকে সব রকমের সহযোগিতা করা হবে।তিনি গতকাল বুধবার বিকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ে সচিব জেলা প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের ছুটি বাতিল করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন,ইতোমধ্যে রাষ্ট্রপতিসহ সরকারের গুরুত্বপুর্ণ ব্যক্তিরা সুনামগঞ্জের দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। দেশের মানুষের দুঃখ, দুর্দশা ও দুর্যোগ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করেছে। দেশের চার শতাধিক উপজেলায় ফসলের ভালো ফলন হয়েছে। সেখান থেকে খাদ্য এনে সুনামগঞ্জবাসীকে দেওয়া হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল বলেন,এখন পর্যন্ত একজন মানুষও না খেয়ে মারা যায়নি। কোথাও মহামারী দেখা দেয়নি। ফসলহানিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে সরকার শুরু থেকে পাশে দাঁড়িয়েছে।

সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেন,প্রধানমন্ত্রী হাওরবাসীর দুর্যোগের শুরুতেই পাশে দাঁড়িয়েছেন এবং সুনামগঞ্জবাসীকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন। সভায় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম রব্বানী শাহানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন