
নিউজ ডেস্কঃ দেশে নির্দিষ্ট কোনো হিসাব না থাকলেও পুলিশ,আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনী,সাইবার অপরাধ নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে দেখা যায় দেশের সাইবার অপরাধের শিকার মানুষের মধ্যে বড় অংশটিই অল্প বয়সী নারী বা কিশোরী। তাই সাইবার অপরাধ এড়াতে সবার আগে প্রয়োজন এ বৃহৎ অংশের অর্থাৎ নারীদের সচেতনতা। যদি ইন্টারনেট ব্যবহারে মেয়েদের সচেতন করা যায় তাহলে আমরা খুব সহজেই সাইবার অপরাধের ঝুঁকি এড়াতে পারব।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট মিলনায়তনে ‘সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর উইমেন এমপাওয়ারমেন্ট’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। তথ্য ও প্রযুক্তি (আইসিটি) ডিভিশনের আওতাধীন কন্ট্রোলার অব সার্টিফায়িং অথারিটিজ (সিসিএ) এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশিদ। এতে সভাপতিত্ব করেন সিসিএ-এর নিয়ন্ত্রক আবুল মানসুর মোহাম্মদ সারফ উদ্দিন এবং কর্মশালা পরিচালনা করেন ফোর ডি কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
জুনাইদ আহমেদ পলক বলেন,প্রধানমন্ত্রীর রুপকল্প ২০২১ বাস্তবায়নের জন্য প্রত্যেককে ডিজিটাল যোদ্ধা হিসেবে গড়ে তুলতে হবে। সরকার সেই লক্ষে কাজ করে যাচ্ছে। আর এটা সফল করতে শিক্ষার্থীদের সাইবার জগতের নেতৃত্ব দিতে হবে। তবে ইন্টারনেট ব্যবহার করতে অনেক সময় তাদের ঝুঁকি নিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই শিক্ষার্থীদের অনেক বেশি সচেতন হয়ে বৈধ পথে ইন্টারনেট ব্যবহার করা প্রয়োজন। এ কর্মসূচি শেষে দেশের ৪০টি বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন,বর্তমানে সাইবার অপরাধের বেশির ভাগই সংঘটিত হচ্ছে ফেসবুকের মাধ্যমে। তাই ফেসবুক ব্যবহারে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। এতে সাইবার অপরাধের ঝুঁকি কম থাকে। যদি আমরা এটা মেনে চলতে পারি তাহলে অনেকাংশই এ অপরাধ এড়াতে পারব। পাশাপাশি ফেসবুকে কোনো ছবি পোস্ট দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে সেটা যেন অন্য কারো আঘাত না করে।
পলক বলেন,কেউ সাইবার অপরাধের স্বীকার হলে অবশ্যই তাদের অভিভাবক ও শিক্ষকদেরকে জানাবেন। কেউ নীরবে এ অপরাধ সহ্য করবেন না। সাথে সরকারি আইনি সহায়তা পেতে ন্যাশনাল ইমারজেন্সি নাম্বার ৯৯৯ এ অবহিত করুন। কর্মশালায় ছাত্রীদের সাইবার অপরাধ ও সংশ্লিষ্ট আইনের ব্যখ্যা, স্মার্টফোন, পেনড্রাইভের ব্যবহার, ফেসবুক, ইমেইল, টুইটারসহ, সমাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিরাপদ ব্যবহার, কোনো অপরাধ সংঘটিত হলে তা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব, অপরাধ দাখিলের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয়।