News71.com
 Bangladesh
 19 Apr 17, 08:11 PM
 221           
 0
 19 Apr 17, 08:11 PM

পুনরায় ময়নাতদন্তের জন্য মালদ্বীপের মডেল কন্যা রাউধার লাশ তোলা হবে আগামীকাল

পুনরায় ময়নাতদন্তের জন্য মালদ্বীপের মডেল কন্যা রাউধার লাশ তোলা হবে আগামীকাল

নিউজ ডেস্ক : পুনরায় ময়নাতদনেন্তর জন্য রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ছাত্রী মালদ্বীপের মডেল রাউধা আতিফের লাশ আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) কবর থেকে তোলা হবে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. রক্তিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (১৯ এপ্রিল) দুপুরেই তিনি এ সংক্রান্ত কাগজপত্র হাতে পেয়েছেন। লাশ তোলার সময় তাকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুব্রত পাল। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে লাশ তোলার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডা. রক্তিম চৌধুরী জানিয়েছেন, লাশ তোলার সময় মামলার তদন্ত কর্মকর্তাকেও উপস্থিত থাকতে বলা হয়েছে। তিনিই লাশ তোলার সব আয়োজন করছেন। তবে রাউধার লাশের কোথায় ময়নাতদন্ত করা হবে তা জানাতে পারেননি তিনি। প্রসঙ্গত, গত ২৯ মার্চ রাজশাহীর নওদাপাড়ায় ইসলামী মেডিক্যাল কলেজের ছাত্রী হোস্টেল থেকে রাউধার লাশ উদ্ধার করে পুলিশ। রাউধা এ কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নীলনয়না রাউধা ছিলেন মালদ্বীপের একজন উঠতি মডেল। মাত্র একুশ বছরের রাউধার ছিল আন্তর্জাতিক খ্যাতি।

রাউধার লাশ উদ্ধারের দিন কলেজ কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছিল, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ওই দিনই কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে নগরীর শাহমখদুম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। এরপর রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে রাউধার লাশের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তে তিন সদস্যর একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল।

ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, রাউধা আত্মহত্যা করেছেন। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে রাউধাকে রাজশাহী নগরীর হেতেমখাঁ কবরস্থানে দাফন করা হয়। এরপর মালদ্বীপের দুই পুলিশ কর্মকর্তা রাজশাহীতে এসে ঘটনা তদন্ত করেন। দেশে ফিরে গিয়ে তারা জানান, রাউধাকে হত্যার কোনো প্রমাণ তারা পাননি।

রাউধার মৃত্যুর ঘটনায় কলেজের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সে কমিটিও তাদের প্রতিবেদনে বলেছে, রাউধা আত্মহত্যা করেছেন। তবে গত ১০ এপ্রিল রাউধার বাবা ডা. মোহাম্মদ আতিফ রাজশাহীর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে তিনি রাজশাহীতেই অবস্থান করছেন। হত্যা মামলার এজাহারে বলা হয়েছে, রাউধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ মামলায় রাউধার সহপাঠী সিরাত পারভীন মাহমুদকে (২১) একমাত্র আসামি করা হয়েছে। সিরাতের বাড়ি ভারতের কাশ্মীরে। সিরাতের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি। সিআইডি বলছে, কেবল হত্যার প্রমাণ মিললেই তাকে গ্রেপ্তার করা হবে। তবে তাকে নজরদারির ভেতরে রাখা হয়েছে।

রাউধার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি তদন্ত করছিলেন শাহমখদুম থানার পরিদর্শক আনোয়ার আলী তুহীন। আর অপমৃত্যুর মামলাটি তদন্ত করছিলেন রাজশাহী মহানগর ডিবি পুলিশের পরিদর্শক রাশিদুল ইসলাম। রাউধার মৃত্যুর কারণ উৎঘাটনে তার কক্ষ থেকে জব্দ করা ল্যাপটপ ও মোবাইলের ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো সিআইডির পরীক্ষাগারে পাঠিয়েছেন রাশিদুল ইসলাম।

সে প্রতিবেদন এখনও ঢাকা থেকে আসেনি। এরই মধ্যে গত ১৩ এপ্রিল পুলিশ সদর দপ্তরের নির্দেশে দুই মামলায় সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডির পরিদর্শক আসমাউল হক মামলা দুটি তদন্তের দায়িত্ব পান। দায়িত্ব পেয়েই তিনি রাউধার লাশের পুনরায় ময়নাতদন্তের উদ্যোগ নেন। রাউধার লাশ কবর থেকে তুলতে সিআইডির এই কর্মকর্তা গত রোববার আদালতে আবেদন করেন। এরপর গত মঙ্গলবার লাশ তোলার জন্য আদালতের অনুমতি মেলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন