
নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুরে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া গ্রামের মৃত আয়নালের ছেলে রাজমিস্ত্রী আনোয়ার হোসেন (৩৫) ও বেটখৈর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে দিনমজুর সোলায়মান (৪৮)। এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের চান্দাইকোনা বাজারে নিতাই চন্দ্রের ছেলে রিপন সাহার বাড়ি নির্মাণের কাজ করছিলেন নিহত আনোয়ার হোসেন নেতৃত্বে একদল রাজমিস্ত্রী।
আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় কাজ করার জন্য সেফটিক ট্যাংকে নামলে আনোয়ার হোসেন মারা যান। তাকে উদ্ধারের জন্য দিনমজুর সোলায়মান সেফটিক ট্যাংকে নামলে সোলায়মানও মারা যান। খবর পেয়ে পাশের রায়গঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একদল কর্মী এসে তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত ররোয়া গ্রামের বদিউজ্জামানের ছেলে সোহেল রানাকে (২৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।