
নিউজ ডেস্কঃ গাজীপুরে পৃথকভাবে ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তানসহ ৩ জনের মৃত্যু হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান,আজ মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের বিলাসপুরের তিতাসগ্যাস-বিএডিসি রেলক্রসিং এলাকায় আট বছরের এক মেয়েকে নিয়ে তার মা (৩০) রেল সড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে মা ও তার মেয়ে ঘটনাস্থলে নিহত হন। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায় নি।
অপরদিকে একইদিন একই রেলরুটের গাজীপুর মহানগরের আহাকি এলাকায় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ ৩টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।