
নিউজ ডেস্কঃ বিভিন্ন খননে উদ্ধার করা প্রত্নসম্পদগুলো সংরক্ষণের জন্য আধুনিক প্রযুক্তির অপ্রতুলতার কথা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, নানাভাবে আমরা প্রত্নসম্পদ খুঁজে পাচ্ছি। কিন্তু সেগুলো সংরক্ষণ করার মতো আধুনিক প্রযুক্তি এখনও আমাদের পর্যাপ্ত নয়। এক্ষেত্রে কাজ করার রয়েছে আমাদের।
আজ মঙ্গলবার বিশ্ব ঐতিহ্য দিবসে লালবাগ কেল্লায় আয়োজিত এক প্রদর্শনী ও সেমিনারে সংস্কৃতিমন্ত্রী এসব কথা বলেন। প্রত্নতাত্ত্বিক স্থানের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে এই প্রদর্শনীর আয়োজন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপ।
মন্ত্রী আরো বলেন,একই সঙ্গে আমাদের প্রত্নসম্পদ বিশেষজ্ঞও তৈরি করতে হবে, যারা আরও গভীরভাবে গবেষণা করবে। ইতিহাসের অনেক অধ্যায় এখনও জানার আছে।প্রত্নতত্ত্ব আইনটি সংশোধনের উদ্যোগ থমকে থাকার পাশাপাশি বিদ্যমান আইনেরও যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে জানান তিনি।
আসাদুজ্জামান নূর বলেন,প্রত্ন আইন সংশোধন করা হবে দ্রুত। আমরা বৈঠক করছি। এই আইনটি সংশোধন করে বাস্তবায়ন করতে হবে দ্রুত। পরে তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য পরিচিতি’ শীর্ষক এক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এই বইগুলো ফ্রেন্ডশিপ কর্তৃক পরিচালিত ৮৬টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, এ পাঠ্যবই হিসেবে ব্যবহার করা হবে।