News71.com
 Bangladesh
 18 Apr 17, 01:06 AM
 225           
 0
 18 Apr 17, 01:06 AM

দায়ী প্রক্টরকে অপসারণের দাবিতে বেরোবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল......

দায়ী প্রক্টরকে অপসারণের দাবিতে বেরোবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল......

বেরোবি প্রতিনিধিঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এক শিক্ষার্থীকে বিনা দোষে গ্রেপ্তার ও তার পিতার মৃত্যুর জন্য দায়ী করে প্রক্টরকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার (১৭ এপ্রিল) বেলা এগারোটার দিকে ক্যাম্পাসে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে দীপু চন্দ্র রায়কে বিনা দোষে গ্রেপ্তার ও তার বাবার মৃত্যুর জন্য দায়ী করে প্রক্টর (চলতি দায়িত্ব) মীর তামান্না সিদ্দিকার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, গত ১৪ এপ্রিল শুক্রবার প্রক্টর (চলতি দায়িত্ব) মীর তামান্না সিদ্দিকাকে টিস করার অভিযোগে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী দীপু চন্দ্র রায়কে গ্রেপ্তার করে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর সহ্য করতে না পেরে দীপুর পিতা অনীল চন্দ্র রায় পরলোক গমন করেন। পরে দীপুকে ছেড়ে দেয়া হয়।

মানববন্ধনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ও ক্যাম্পাসের পরিচিত মুখ মো: মারুফ রহমান ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন , গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী মোঃ মঈন আলী, ২য় ব্যাচের শিক্ষার্থী মোঃ তৌহিদ হোসেন, ৩য় ব্যাচের শিক্ষার্থী ফযলে রাব্বি, ৫ম ব্যাচের শিক্ষার্থী মারিয়া খাতুনসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, যিনি আমাদের অভিভাবক হয়ে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে আমাদের দীপুকে ক্ষমতার অপব্যবহার দেখিয়ে পুলিশের হাতে তুলে দিতে পারেন। বিনা অপরাধে দীর্ঘ ৫ ঘন্টা আটকে রাখতে পারেন। যার ফলসরুপ দীপু তার বাবাকে হারায়। এমন স্বেচ্ছাচারী প্রক্টর আমরা চাই না। আমরা তার অপসারণের দাবি করছি এবং তার এ ধরনের হীন মন মানসিকতাকে তীব্র নিন্দা জানাচ্ছি।

পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে হেয়াত মামুদ ভবনের সামনে এসে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে জানানো হয় যতদিন পর্যন্ত এ স্বেচ্ছাচারী প্রক্টর পদত্যাগ না করছে কিংবা আমাদের দাবি আদায় না হচ্ছে ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। পরে ভিসি বরাবর একটি স্বারকলিপি দিবে বলে জানায় তারা।

এ বিষয়ে প্রক্টর (চলতি দায়িত্ব) মীর তামান্না সিদ্দিকার কাছে জানতে চাইলে তিনি বলেন, একটা মিথ্যা অভিযোগে যদি আমার বিরুদ্ধে পদত্যাগের দাবি ও উপাচার্য বরাবর স্মারক লিপি দেওয়া হয় তাহলে তো কিছু করার নেই। উপাচার্য স্যার আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। আর আমাকে টিজ করার কারণে দিপু রায়কে সাময়িক সময়ের জন্য আটক রাখা হয়েছিল। তাই যদি এতো কিছু বাড়াবাড়ি হয় তাহলে তো বাংলাদেশে আইন ব্যবস্থা উঠে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন