
নিউজ ডেস্কঃ ফ্রান্সের প্রস্তুতকারী প্রতিষ্ঠান অবার্থুর টেকনোলজি সময়মতো স্মার্ট কার্ড না দিলে ইসি পদক্ষেপ নিবে বলে জানিয়েছেন এনআইডি শাখার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। আজ সোমবার রাজধানীর ইসলামী ফাউন্ডেশন ভবনে স্থাপিত ইসির এনআইডি শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সাইদুল ইসলাম বলেন, ৯ কোটি ভোটারের স্মার্টকার্ড বিতরণের লক্ষ্যে ইতিমধ্যে ৫ কোটি ২০ লাখ ব্লাক কার্ড ফ্রান্সের প্রস্তুতকারী প্রতিষ্ঠান অবার্থুর টেকনোলজিজ হস্তান্তর করেছে। অবশিষ্ট ৩ কোটি ৮০ লাখ কার্ড আগামী ৩০ জুনের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ সময়ের মধ্যে সরবরাহ না করলে চুক্তির শর্ত অনুযায়ী ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
২০১৫ সালের জানুয়ারিতে ফ্রান্সের অবার্থুর টেকনলজিজের সঙ্গে ১৮ মাসের মধ্যে ৯ কোটি ভোটারের স্মার্টকার্ড প্রস্তুত করে দেয়ার চুক্তি করে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে চুক্তির মেয়াদ শেষ হয়েছে ২০১৬ সালের জুনে। কিন্তু এরপর আরও ১০মাস পেরিয়ে যাওয়ার উপক্রম হলেও প্রতিষ্ঠানটি কার্ড প্রস্তুত করে দিতে পারেনি প্রতিষ্ঠানটি। সবকিছু ঠিক থাকলে ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে সবার হাতে স্মার্টকার্ড পৌঁছে দেব-যোগ করেন এনআইডি মহাপরিচালক। এজন্য প্রয়োজন হবে ১৮ টি কাস্টমাইজেশন মেশিনের। বর্তমানে ১০টি মেশিনে ২শিফটে কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে কার্ড বিতরণ সম্পন্ন করতে ৩ শিফটে কাজ করতে হবে।
তিনি বলেন,ঢাকার দুই সিটিসহ চট্টগ্রাম ও রাজশাহী সিটি করপোরেশনে স্মার্টকার্ড বিরতণ শুরু হয়েছে। ইতিমধ্যে ঢাকায় ৫৯ দশমিক ৫৪ শতাংশ কার্ড বিতরণ হয়েছে। অবশিষ্টগুলো বিতরণের কাজ চলছে। যে এলাকায় স্মার্টকার্ড বিতরণ হয়েছে,কিন্তু অনেকে পাননি, তাদের জন্য পরবর্তীতে সংশ্লিষ্ট এলাকায় দ্বিতীয়বার আবারও ঘোষণা দিয়ে বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,যাদের স্মার্টকার্ডে আনস্মার্ট ছবি রয়েছে,তাদের জন্য পরবর্তীতে ছবি তোলে আবার বিতরণ করার পরিকল্পনা রয়েছে।