News71.com
 Bangladesh
 17 Apr 17, 07:28 PM
 203           
 0
 17 Apr 17, 07:28 PM

ভোটার তালিকা হালনাগাদে এবার ১৪ বছর বয়সীদের তথ্য নেবে ইসি।।

ভোটার তালিকা হালনাগাদে এবার ১৪ বছর বয়সীদের তথ্য নেবে ইসি।।

 

নিউজ ডেস্কঃ ভোটার তালিকা হালনাগাদকালে বর্তমানে যাদের বয়স ১৪ বছর তাদের তথ্য সংগ্রহ করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ জানান,২০২১ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে এমন নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। এক্ষেত্রে যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৩ বা তার আগে এই ধরনের নাগরিকদের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন।

সচিব জানান,২০১৮ সালে যারা ভোটার হবেন তাদের তথ্য ইতোমধ্যে নেয়া আছে। বাড়ি বাড়ি গিয়ে ২০২১ সালের ১ জানুয়ারি যারা ভোটার হবে তাদের তথ্য নেয়ারও পরিকল্পনা আমাদের রয়েছে। তথ্য আগে থেকে নিলেও ১৮ বছর পূর্ণ হওয়ার পরই তারা ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হবেন। অবশ্যই জুন বা জুলাই থেকে ভোটারদের তথ্য নেয়া শুরু হবে জানিয়ে তিনি বলেন,আগেভাগে তথ্য নিয়ে রাখলেও প্রতি বছর ভোটারদের তথ্য সংগ্রহ করার প্রয়োজন পড়বে এবং আইন অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ করতে হবে। 

সচিব বলেন,হালনাগাদের সময় সবাইকে পাওয়া যায় না। যারা বাদ পড়ে যাবে তাদেরকেও তো সুযোগটা দিতে হবে। তিনি বলেন, বছরের প্রতিটি দিনই ভোটার হওয়া যায়। যে কোন দিন যে কোন ভোটার যোগ্য নাগরিক সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারেন। আমরা এ কাজ করতে ধারাবাহিকভাবে আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

২০০৮ সালে ছবিসহ ভোটার তালিকা কার্যক্রমের পর ২০১৫ সালের ২৫ জুলাই থেকে প্রথমবারের মতো ১৮ বছরের কম বয়সীদের তথ্য নেয় কমিশন। তখন যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে এই ধরনের ১৫ বছর বয়সী নাগরিকদের তথ্য সংগ্রহ করেছিল ইসি। দেশে বর্তমানে ১০ কোটি ১৭ লাখ ভোটার রয়েছে। নির্বাচন কমিশনের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস বা আইডিয়া প্রকল্পের আওতায় ১০ কোটি ভোটারকে মেশিন রিডেবল স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড দেয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন