News71.com
 Bangladesh
 17 Apr 17, 11:43 AM
 241           
 0
 17 Apr 17, 11:43 AM

বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে জঙ্গিগোষ্ঠী নব্য জেএমবিসহ ১২টি সংগঠন।।

বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে জঙ্গিগোষ্ঠী নব্য জেএমবিসহ ১২টি সংগঠন।।

নিউজ ডেস্কঃ দেশ কাঁপানো জঙ্গিগোষ্ঠী নব্য জেএমবিসহ বারোটি সংগঠনকে নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। সংগঠনগুলোকে নিষিদ্ধ করতে সুপারিশ করেছে পুলিশ সদর দপ্তর, যা এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে। গত বছরের জুলাই মাসে গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে লাইমলাইটে আসে নব্য জেএমবি। এর পর থেকে সংগঠনের সদস্যরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে আসছে। নব্য জেএমবি ছাড়া বাকি এগারোটি সংগঠন গোপনে (আন্ডারগ্রাউন্ডে) সক্রিয় আছে। তাদের নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। এ পর্যন্ত সাতটি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি আনাদেকে বলেন,দেশ থেকে জঙ্গিমুক্ত করতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে বেশ কয়েকটি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। নব্য জেএমবিসহ আরো কয়েকটি সংগঠন নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। বিশেষ করে নব্য জেএমবিকে দ্রুত নিষিদ্ধ করা হবে বলে আশা করছি। তিনি বলেন,বাংলাদেশে কোনো আইএস ছিল না। একটি মহল আইএস আইএস বলে মুখে ফেনা তুলে ফেলছে। আমাদের সরকার জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাচ্ছে। যারা জঙ্গিদের লালনপালনের পাশাপাশি উসকে দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।   

পুলিশ সূত্র জানায়,গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার মধ্য দিয়ে দেশ-বিদেশে নব্য জেএমবি জঙ্গি সংগঠনটি আত্মপ্রকাশ ঘটায়। এর পর থেকে একের পর এক হামলা চালিয়ে আসছে এই সংগঠনের জঙ্গিরা। এদের ধারাবাহিক হামলার শিকার হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য,বিদেশি নাগরিক,অধ্যাপক,যাজক,পীরসহ অনেকে। এসব ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ-র্যা ব। দেশের বিভিন্ন স্থানে একের পর এক অভিযান চালানো হচ্ছে। অভিযানে নব্য জেএমবির একাধিক শীর্ষ নেতা মারা গেছে। তবে এখনো অনেকে আছে ধরাছোঁয়ার বাইরে। রাজধানীর কল্যাণপুর, মিরপুর, আজিমপুর,নারায়ণগঞ্জ,টাঙ্গাইল,গাজীপুর,আশুলিয়া,আশকোনা ও চট্টগ্রামের সীতাকুণ্ডসহ অনেক স্থানে নব্য জেএমবির সদস্যরা ঘাঁটি করেছিল। ওই সব ঘাঁটিতে পুলিশ ও র্যা ব অভিযান চালায়। অভিযানের মধ্যেই মার্চের শেষের দিকে সিলেট ও মৌলভীবাজারে দুটি জঙ্গিঘাঁটি আবিষ্কার করে পুলিশ। ওই সময় জঙ্গিদের হামলায় র্যা বের একজন লে. কর্নেল ও দুজন পুলিশ ইন্সপেক্টর মারা যান।   

সূত্র জানায়,জঙ্গিদের তত্পরতা বেড়ে যাওয়ায় বেশ দুশ্চিন্তায় পড়ে পুলিশ ও র্যা ব। সম্প্রতি পুলিশ সদর দপ্তরে পুলিশের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে জঙ্গি সংগঠন সম্পর্কে বিশদ তথ্য দেওয়া হয়। এখনো যেসব সংগঠন সক্রিয় আছে তাদের ব্যাপারে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। সুপারিশে ১২টি সংগঠন  সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। সংগঠনগুলোর কর্মকাণ্ড দ্রুত নিষিদ্ধের আওতায় আনতে বলেছে পুলিশ সদর দপ্তর।

নিষিদ্ধ হচ্ছে যে সংগঠনগুলো : সংগঠনগুলো হচ্ছে নব্য জেএমবি,তৌহিদী জনতা, জুমাদআতুল আল সাদাত,তামিরউদ্দীন দ্বীন বাংলাদেশ,আল খিদমত,হিজবুল মাহদি,হিজবুল্লাহ ইসলামী সমাজ,দাওয়াতি কাফেলা,শাহাদত-ই-নবুয়ত, জামাত-আস-সাদাত, জামিউতুল ফালাহ ও  ইসলামিক সলিডারিটি ফ্রন্ট।

সুপারিশে বলা হয়েছে,দ্রুত এই সংগঠনগুলোকে নিষিদ্ধ না করলে আরো হামলার ঘটনা ঘটতেই থাকবে। বিশেষ করে নব্য জেএমবি বেশি বেপরোয়া। পর্দার আড়ালে থেকে জঙ্গি নেতারা সংগঠনগুলোকে সক্রিয় রাখছে।

এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন,সুপারিশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বারোটি সংগঠনের মধ্যে প্রথমে নব্য জেএমবিকে নিষিদ্ধ করা হবে। কথিত জিহাদের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাসী হয়ে ওঠা নব্য জেএমবির বেশ কয়েকজন শীর্ষ নেতা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তাদের মধ্যে কেউ কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সক্রিয় আছে। কেউ সমন্বয়ের কাজ করছে। আবার কেউ কেউ ধর্মীয় ও সামরিক প্রশিক্ষণ দিচ্ছে। কেউ অস্ত্র ও বোমা সরবরাহ করছে। নব্য জেএমবিতে আছে আইটি বিশেষজ্ঞও।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এখনো কিছু ভয়ংকর জঙ্গি সংগঠন সক্রিয় আছে। তাদের নিষিদ্ধ করতে সম্প্রতি পুলিশ সদর দপ্তর সুপারিশ পাঠিয়েছে আমাদের কাছে। মাস দুয়েকের মধ্যে নব্য জেএমবিকে নিষিদ্ধ করা হবে। বাকিদের পর্যায়ক্রমে নিষিদ্ধ করা হবে। তিনি বলেন,চলতি বছরের ৫ মার্চ আনসার আল ইসলামকে নিষিদ্ধ করা হয়। ২০১৫ সালের ২৫ মে আনসারুল্লাহ বাংলাকে টিম,২০০৯ সালের ২২ অক্টোবর হিযবুত তাহ্রীর,২০০৫ সালের সেপ্টেম্বরে হরকাতুল জিহাদ বাংলাদেশ,ওই বছরের ১৭ অক্টোবর জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) ও জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এবং ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি শাহাদত ই আল হিকমাকে নিষিদ্ধ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন