
নিউজ ডেস্কঃ পতাকা ওড়ানোর মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে জেলা প্রশাসক পরিমল সিংহ ও পুলিশ সুপার আনিছুর রহমান পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করেন। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত হোসেন ও স্থানীয় আনসার ক্যাম্প অফিসাররা।
আজ সকাল ৯টার সময় জাতীয় নেতারা মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করবেন। এরপর বীরমুক্তিযোদ্ধা,পুলিশ বাহিনী,বিজিবি,আনসার ও ভিডিপি, বিএনসিসি,স্কাউট,গার্লস গাইড ও স্কুলের ছাত্র-ছাত্রীরা যৌথভাবে গার্ড অব অনার ও কুচকাওয়াজ প্রদর্শন করবেন।সকাল ১০টার সময় আনসার ও ভিডিপি ‘হে তারুণ্য তুমি দাঁড়াও’ শীর্ষক উপস্থাপনা নিয়ে আসবে। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা মঞ্চে মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া আলোচনা সভায় সরকারের মন্ত্রী, জাতীয় সংসদ সদস্যরা, গুরত্বপূর্ণ ব্যক্তি এবং বিশিষ্ট রাজনীতিকরা বক্তব্য রাখবেন।
প্রসঙ্গত,১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এ দিনেই মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়েছে। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে নয় মাসের সশস্ত্র ও মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর বর্বরোচিত হামলা চালানোর পর একই বছরের ১০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণপ্রজাতন্ত্ররূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করা হয়। এ দিন ঘোষিত ঘোষণাপত্রে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করা হয়। ঘোষণাপত্রে সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে প্রজাতন্ত্রের উপ-রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। এছাড়াও তাজউদ্দিন আহমেদ অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী, খন্দকার মোশতাক আহমেদ পররাষ্ট্রমন্ত্রী,ক্যাপ্টেন মুহাম্মদ মনসুর আলী অর্থমন্ত্রী এবং এএইচএম কামারুজ্জামান স্বরাষ্ট্র,ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী নিযুক্ত হন।
অন্যদিকে,জেনারেল আতাউল গনি ওসমানী অস্থায়ী সরকারের মুক্তিবাহিনীর প্রধান কমান্ডার এবং মেজর জেনারেল আবদুর রব চিফ অব স্টাফ নিযুক্ত হন। ১১ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশে বেতার ভাষণ দেন, যা আকাশবাণী থেকে একাধিকবার প্রচারিত হয়। তাজউদ্দিনের ভাষণের মধ্যদিয়েই দেশ-বিদেশের মানুষ জানতে পারে বাংলাদেশের মুক্তি সংগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি আইনানুগ সরকার গঠিত হয়েছে।
পথপরিক্রমায় ১৭ এপ্রিল সকালে মুজিবনগর আম্রকাননে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা লাভ করে। পরের দিন দেশ-বিদেশের পত্র-পত্রিকা এবং সংবাদ মাধ্যমে যে খবরটি ছাপা হয় তা হলো ‘১৭ এপ্রিল শপথগ্রহণ হলো বাংলাদেশ সরকারের’। অস্থায়ী রাষ্ট্র প্রধানদের গার্ড অব অনার দেয় স্থানীয় আনছার ক্যাম্পের ১২ জন সদস্য। এদিন দেশ-বিদেশের সাংবাদিক,বিশিষ্ট ব্যক্তিবর্গসহ ভারতীয় হাজারো সেনাসহ এলাকার মুক্তিকামী মানুষ উপস্থিত হন। গার্ড অব অনার দেওয়ার পর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সুচনা হয়।