
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খানের জামিন ১৮ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ রোববার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই সময় পর্যন্ত জামিন স্থগিত করেন। এর আগে ১৩ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আমানুরের জামিন আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল দেওয়ার পাশাপাশি তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদনটি করে।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। পরে আমাদেরকে বলেন,চেম্বার বিচারপতি ১৮ এপ্রিল পর্যন্ত আমানুরের জামিন স্থগিত করেছেন। ওই দিন উভয় পক্ষের উপস্থিতিতে অবকাশকালীন চেম্বার বিচারপতির আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি জন্য দিন ধার্য করা হয়েছে। এর আগে ৩০ মার্চ হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ তার জামিন প্রশ্নে দেওয়া রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। এরপর ২ এপ্রিল বিচারিক আদালতে আমানুর করলে তা নামঞ্জুর হয়। এর বিরুদ্ধে জামিন চেয়ে ৪ এপ্রিল হাইকোর্টে আবেদন করেন আমানুর,যার ওপর শুনানি নিয়ে ১৩ এপ্রিল হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দেন।
আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করা হয়। ৩ দিন পর তাঁর স্ত্রী টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। এ মামলায় গত বছরের ৩ ফেব্রুয়ারি আমানুর,তাঁর ৩ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করেন আমানুর। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।