
নিউজ ডেস্কঃ সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৬জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ রবিবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে নির্বাচনের রিটার্নিং অফিসার ও নীলফামারী জেলা নির্বাচন অফিসার মো. জিলহাস উদ্দিন ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলমের কাছে প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্ব স্ব মনোনয়নপত্র দাখিল করেন।
যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলওয়ে শ্রমিক লীগ নেতা মোখছেদুল মোমিন,জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী প্রভাষক মো. শওকত হায়াৎ শাহ, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী মো. ইলিয়াস চৌধুরী ভলু,স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুন্তাকিম,ইসলামী আন্দোলনের হাফেজ মো. নুরুল হুদা ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. হিটলার চৌধুরী ভুলু। নির্বাচনের তফশীল অনুযায়ী আগামী ২৪ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ২৫ এপ্রিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
উল্লেখ্য,ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থান গত ১ মার্চ রাতে ইন্তেকাল করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার। এর ফলে চেয়ারম্যান পদটি শুন্য হয়। পরবর্তীতে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করেন।