
নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,কৃষি-বান্ধব বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের কারণে বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। কৃষির এই অভূতপূর্ব উন্নয়নে কৃষি প্রযুক্তি অগ্রণী ভূমিকা পালন করছে। গতকাল রবিবার নাটোরের সিংড়া উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে বীজ, সার ও অর্থ বিতরণ উপলক্ষে কৃষি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে এ উপজেলার ৫৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ, সার ও অর্থ বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন,এখন আর কাউকে সার সংগ্রহের জন্য জীবন দিতে হয় না, সারের পাশাপাশি উন্নত মানের বীজও কৃষকদের জন্য সহজলভ্য করা হয়েছে। সারা বছর ধরে কৃষি বিভাগ কৃষকদের পাশে থেকে সহযোগিতা করছে। কৃষি বিভাগের প্রশিক্ষণ ও প্রণোদনার সুফল পাচ্ছেন কৃষকরা। পাশাপাশি কৃষির যান্ত্রিকীকরণ এবং কৃষিতে প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বেড়েছে ব্যাপক ভাবে।
পলক বলেন,সারাদেশে বিদ্যমান কৃষি উন্নয়ন ক্লাবগুলোর মধ্যে মডেল ক্লাবগুলোকে ইতোমধ্যে ল্যাপটপ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, জেনারেটর, স্মার্ট ফোন প্রদান করা হয়েছে। এসব প্রযুক্তির সহযোগিতা গ্রহণ করে আবাদী জমির যে কোন সমস্যা সমাধানে তাৎক্ষণিক পরামর্শ পেয়ে যাচ্ছেন কৃষকরা। এছাড়া শস্যের বহুমুখীকরণ ও বাজারজাতকরণে এসব প্রযুক্তি ভূমিকা রাখছে।
সিংড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস ও উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন বক্তব্য রাখেন ।