News71.com
 Bangladesh
 15 Apr 17, 08:28 PM
 230           
 0
 15 Apr 17, 08:28 PM

দেশে সার সরবরাহ নিশ্চিত করতে ১৩টি নতুন বাফার গোডাউন নির্মাণ করা হবে ।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু  

দেশে সার সরবরাহ নিশ্চিত করতে ১৩টি নতুন বাফার গোডাউন নির্মাণ করা হবে ।। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু   

নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,নিরবিচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন এলাকায় ১৩টি নতুন বাফার গোডাউন নির্মাণ করা হবে। তিনি আরো বলেন,এক সময় সারের দাবির কারণে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হলেও আওয়ামী লীগ সরকারের আমলে গত ৮ বছরে দেশের কোথাও সারের কোনো সংকট হয়নি।আজ শনিবার বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) এর ২৩তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এ  সভার আয়োজন করা হয়।

আমির হোসেন আমু বলেন,জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার সারখাতে বিপুল পরিমাণে ভতুর্কি দিচ্ছে। এ খাতে ২০১৪-১৫ অর্থবছরে ৩ হাজার ২৮১ কোটি ৭২ লাখ এবং ২০১৫-১৬ অর্থবছরে ২ হাজার ২ কোটি ৪৬ লাখ টাকা ভতুর্কি দেওয়া হয়েছে। জাতীয় স্বার্থে ভর্তুকির এ ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন,বর্তমান সরকার আমদানির পরিবর্তে নিজস্ব উৎপাদন থেকে সারের যোগান বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। ৪ হাজার ৮৪৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্মিত শাহজালাল সার কারখানা থেকে বছরে ৫ লাখ মেট্রিক টনেরও বেশি সার উৎপাদন হচ্ছে। পাশাপাশি নরসিংদীর পলাশে বিদ্যমান পুরাতন দুটি ইউরিয়া সার কারখানা ভেঙ্গে এর স্থলে একই পরিমাণ গ্যাস ব্যবহার করে দ্বিগুণ উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি অত্যাধুনিক জ্বালানি সাশ্রয়ী ইউরিয়া সার কারখানা নির্মাণ করা হবে।

সার ডিলারদের ব্যবসাকে একটি পবিত্র ব্যবসা হিসেবে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন,এ ব্যবসার সাথে মানব সেবার বিষয়টি জড়িত। দেশের ১৬ কোটি মানুষের খাদ্য সংস্থানে সার ডিলাররা পবিত্র দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচন বানচালের নামে এবং ২০১৫ সালে বিএনপি-জামাতের মাসব্যাপী আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের মধ্যেও চাষি পর্যায়ে নিরবচ্ছিন্ন সার সরবরাহ করায় ডিলারদের ধন্যবাদ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন