News71.com
 Bangladesh
 15 Apr 17, 05:52 PM
 201           
 0
 15 Apr 17, 05:52 PM

নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনে যাবে বিএনপি।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচনে যাবে বিএনপি।। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

 

নিউজ ডেস্কঃ নিরপেক্ষ সরকারের অধীনেই বিএনপি নির্বাচনে যেতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে নেত্রকোনা শহরের ছোট বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। এ সময় মাত্র ৪মিনিটের বক্তব্যে মির্জা ফখরুল বলেন,আমরা নিরপেক্ষ  সরকারের অধীনে নির্বাচনে যেতে চাই। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আমরা বিপুল ভোটে জয়ী হব। বর্তমান সরকার এখন জনগণের সমর্থন হারিয়ে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তিনি বলেন,সরকার সারা দেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। নেত্রকোনার মতো সারা দেশে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও সরকারের জুলুম-নির্যাতন থেকে রেহাই পাচ্ছেন না। বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি মির্জা ফখরুল ইসলাম।

জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল হকের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সহসভাপতি আবদুল মান্নান তালুকদার, মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু,সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার,যুগ্ম সম্পাদক সালাউদ্দিন খান প্রমুখ। পরে মির্জা ফখরুল মোহনগঞ্জের গাগলাজুর ও খালিয়াজুরী উপজেলায় সম্প্রতি পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষকদের অবস্থা পরিদর্শনে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন