
নিউজ ডেস্কঃ ভারতের পাঞ্জাব প্রদেশের প্রতাপগড় সেন্ট্রাল জেলে ২বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন চার বাংলাদেশি যুবক। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্তান্তর করে। ফেরত আসা ৪বাংলাদেশি যুবক হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাঝিসাইর গ্রামের রাজা মিয়ার ছেলে সাঈদ সাহ (২৭),সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের সাইফুল্লাহর ছেলে সোহেল আহমেদ (২০), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর-পশ্চিম মিঠাখালী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (২৮) এবং একই এলাকার আলপি বাজার গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৪৫)।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরিফ জানান, দালালের খপ্পড়ে পড়ে ২বছর আগে অবৈধপথে ভারতে যান ওই ৪যুবক। তারা ভারতের পাঞ্জাব প্রদেশের প্রতাপগড় এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করার সময় সেখানকার পুলিশ তাদেরকে আটক করে জেল হাজতে পাঠায়। সেখানে ২বছর জেল খাটেন তারা। পরে ২দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির একপর্যায়ে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরতে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে তারা নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন বলে জানা গেছে।