
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,আওয়ামী লীগ কোনো ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠী বা কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপোষ করেছে,এটা হাস্যকর। আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন,আওয়ামী লীগ কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরই অভিযোগ। জনগণের আবেগ এবং একটি বৃহৎ জনগোষ্ঠীর শিক্ষার স্বীকৃতি দিতেই প্রধানমন্ত্রী বাস্তবসম্মত’ ই সিদ্ধান্ত নিয়েছেন মন্তব্য করে সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেছেন, এটার মানে এই না যে কোনো সাম্প্রদায়িক শক্তির সাথে আপস হয়েছে। কোনো সাম্প্রদায়িক শক্তির সাথে আপসের কথা হাস্যকর।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন,এই যে বেগম জিয়া, তারা তো ধর্ম নিয়ে রাজনীতি করে। এদেশে ধর্ম নিয়ে তারা কত অধর্মের কাজ করেছে। এ দেশে এদের পৃষ্ঠপোষক কারা তা সারা দুনিয়া জানে। বিএনপির আমলে এদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস,সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ,জাহাঙ্গীর কবির নানক,সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম,এ কে এম এনামুল হক শামীম,দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।