
নিউজ ডেস্ক : ‘বকেয়া কর আদায় নয়, পরিশোধ’এ স্লোগানকে সামনে নিয়ে বাংলা নববর্ষ উপলক্ষে ‘রাজস্ব হালখাতা’য় আয়কর, ভ্যাট ও কাস্টমসে সারা দেশে মোট ৫৬৬ কোটি টাকা বকেয়া রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু'মেন এসব তথ্য নিশ্চিত করেছেন। এর মধ্যে রাজস্ব হালখাতায় আয়কর থেকে ৩০৬ কোটি, কাস্টমস থেকে ২০৭ কোটি এবং মূসক বা ভ্যাট থেকে ৫৩ কোটি টাকা আদায় হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) এনবিআরের অধীন সব আয়কর, ভ্যাট ও কাস্টমস অফিসে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত রাজস্ব হালখাতা চলে। করদাতাদের বকেয়া পরিশোধে উদ্বুদ্ধ করতে প্রথমবারের মতো রাজধানীসহ সারা দেশের সব আয়কর, ভ্যাট ও কাস্টমস অফিসে রাজস্ব হালখাতা আয়োজন করে এনবিআর।
বকেয়া কর আদায়ে এনবিআর চেয়ারম্যানের নির্দেশনায় রাজধানীর এলটিইউ ‘ওপেন হাউজ ডে’ এর পরিবেশে ব্যতিক্রমী রাজস্ব হালখাতার আয়োজন করে। গ্রামবাংলার ঐহিত্য মাটির হাঁড়ি, পাতিল, কলা গাছ, কুলো, হাতপাখা, মুখোশ, হাতির গেট আর রঙ-বেরঙের কার্টুনে সাজানো হয়েছে এলটিইউ। করদাতাদের জন্য খোলা হয় হালখাতার ঐহিত্যবাহী নতুন রেজিস্টার খাতা। মাটির সানকিতে দেওয়া হয় মিষ্টি, বাতাসা, নারিকেলের নাড়ু, সন্দেশ, খৈ, কদমা, মুরালি, নিমকী, মুড়ির মোয়া, চিড়ার মোয়া, তিলের খাজা, সুন্দরী পাকন পিঠা, শাহী পাকন পিঠা, নকশি পিঠা, ঝিনুক পিঠা, স্পঞ্জ রসগোল্লা, দই, ডাবের পানি, তরমুজ, পেয়ারা, বরই ইত্যাদি। এ সময় আয়কর, ভ্যাট ও কাস্টমস বিষয়ক টিভিসি প্রদর্শন করা হয়।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান করদাতাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নববর্ষ বাংলার ঐতিহ্য। এটি বাঙালি জাতির স্বাতন্ত্র্য ও সত্তার সাথে গভীরভাবে সম্পৃক্ত। এ বছর আমাদের অন্যতম উদ্ভাবন হলো রাজস্ব হালখাতা। বাঙালির চিরায়ত এ উৎসবকে আমরা বকেয়া কর সংগ্রহে কাজে লাগাচ্ছি। সারাদিন এই উৎসবে অংশগ্রহণ করে রাজস্ব সংগ্রহে অবদান রাখায় করদাতাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
খাজনা আদায়ের অভিপ্রায়ে সম্রাট আকবর ভারত উপমহাদেশে প্রথম বাংলা সালের প্রবর্তনের পাশাপাশি বৈশাখ মাসের পয়লা তারিখে নববর্ষ উদযাপনের রীতি প্রচলন করেন। কালের ধারাবাহিকতায় ঐতিহ্যকে ধারণ করে এ বছর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথমবারের এটি উদযাপন করে।