
নিউজ ডেস্ক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, উন্নয়নে বাংলাদেশ এখন পৃথিবীর মডেল। শেখ হাসিনার উন্নয়ন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তিনি বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আফ্রিকার মানুষের সামনে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আপনার বাংলাদেশে যান, তাদের উন্নয়ন দেখে শিখে আসুন। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশকে বিশ্বের বিস্ময় বলে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে ধানগড়া বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরও বলেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে। এবার অর্থনৈতিক মুক্তির জন্য শ্রম ও একাগ্রতার পাশাপাশি সততা নিয়ে কাজ করতে হবে।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, শেখ হাসিনা আমাকে স্বপ্ন বাস্তবায়নের পথ দেখিয়ে দিচ্ছেন। আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের উন্নত ২৬/২৭ টি দেশের মধ্যে গিয়ে দাঁড়াবে। ২০৪১ সালের মধ্যে উন্নত ২০ দেশের মধ্যে স্থান পাবে। তিনি আরও বলেন, পোশাক শিল্প রপ্তানিতে আমরা বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছি, আর খাদ্য উৎপাদনে ৬ষ্ঠ স্থানে। আমাদের শক্তি এদেশের মানুষ। বাংলার কৃষক, শ্রমিক, তাঁতিরা এখন উন্নয়নের হাতিয়ার।
রায়গঞ্জ পৌরসভার মেয়র আব্দুল্লাহ আল পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন-সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন ও সাবেক সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদারের ছেলে ইমন তালুকদার।