
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু অসমাপ্ত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইলেন। নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয় বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী। আজ বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেশ এগিয়ে যাচ্ছে দাবি করে শিল্পমন্ত্রী বলেন,এখন আর কাউকে না খেয়ে থাকতে হয় না। দেশের কোথাও মঙ্গা নেই। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল পর্যায়ে উন্নয়নের কারণে দেশ এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনার আহ্বান জানান শিল্পমন্ত্রী।
শেখ হাসিনা বেকার যুবকদের কর্মসংস্থানের পথ তৈরি করেছে জানিয়ে আওয়ামী লীগের এ প্রবীন নেতা বলেন,একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে সারা দেশে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করা হয়েছে। এ ধারা অব্যহত রাখা হবে। বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে শিল্পমন্ত্রী বলেন,একটি গোষ্ঠী যারা উন্নয়নকে ঈর্ষা করেন,তাদের প্রতি জনগণের আস্থা নেই। আগামী সংসদ নির্বাচনেও তারা ভড়াডুবির শিকার হবে।
সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির,নলছিটি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জি কে মোস্তাফিজুর রহমান,নলছিটি পৌরসভার মেয়র তছলিম উদ্দিন চৌধুরী ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঝালকাঠির উপ-পরিচালক শ্যামা প্রসাদ দে।