
নিউজ ডেস্ক : কয়েক দফা ব্যর্থ হওয়ার পর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানাকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এমপি রানার পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার।
এর আগে সর্বশেষ ৩০ মার্চ তার জামিন প্রশ্নে রুল উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। গত ১৮ জানুয়ারি বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এমপি রানাকে কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেন।
গত বছরের ১১ ডিসেম্বর বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম সাহিদুল হক এবং ২৮ নভেম্বর সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের বেঞ্চ রানার জামিনের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন। ৯ অক্টোবর বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর বেঞ্চও এ আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় এমপি রানা গত বছরের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান টাঙ্গাইলের বিচারিক আদালত। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।
পরে জামিনের আবেদন জানালে ২৬ সেপ্টেম্বর টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়ার আদালত তা নামঞ্জুর করেন। বিচারিক আদালতে নাকচের পর হাইকোর্টে জামিনের আবেদন জানানো হয়। এ মামলায় গত ০৩ ফেব্রুয়ারি রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।