
নিউজ ডেস্কঃ চলতি বছর হজে গমনেচ্ছুদের নিবন্ধনের সময় ১৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে বাড়ানো সময় অনুযায়ী ১০ এপ্রিল ছিল নিবন্ধনের শেষ দিন। আজ বৃহস্পতিবার সরকারি ও বেসরকারি হজযাত্রীদের নিবন্ধনের সময় বৃদ্ধি করে ধর্ম মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।আদেশে বলা হয়েছে,প্রাক-নিবন্ধিত তালিকার ২ লাখ ১৭ হাজার ২৮৮ ক্রমিকের মধ্যে হজযাত্রীরা ১৭ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধন করতে পারবে।
এ সময়ের মধ্যে নিবন্ধন না করলে পরবর্তী অপেক্ষমান তালিকা থেকে ক্রম অনুযায়ী প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের নিবন্ধনের জন্য আহ্বান করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এবার বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জন।