
নিউজ ডেস্ক : ভারতের আসামে ভারী বৃষ্টিপাতের ফলে যমুনার পানি বেড়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। নদীর তীর ভেঙে এরই মধ্যে বিলীন হয়েছে বাড়ি-ঘর ও শিক্ষা প্রতিষ্ঠানসহ তিন শতাধিক স্থাপনা। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে আরো অর্ধ শতাধিক বাড়ি-ঘর। গেল দুই সপ্তাহ ধরে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা, চর বাহুকা, টুটলের মোড়, কাজিপুরের শুভগাছা এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনগণ। তবে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ তাদের।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে রতনকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন যমুনা নদী ভাঙনের বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্তরা জানায়, সদর উপজেলার বাহুকা থেকে কাজিপুর উপজেলার খুদবান্দি পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নদী সংরক্ষণ বাঁধের টুটল মোড় এলাকায় গেল ১৪ দিনে শতাধিক বাড়ি-ঘর নদীগর্ভে বিলীন হয়েছে। বিগত তিনমাসের মধ্যে পর্যায়ক্রমে তিন শতাধিক বাড়ি-ঘর বিলীন হয়েছে। চর বাহুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পুরো গ্রামটি এখন ইতিহাস। এছাড়া চোরমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদসহ হুমকির মধ্যে রয়েছে বাহুকা, শুভগাছাসহ আশপাশের গ্রামগুলো। স্থানীয়রা জানান, এভাবে নদীর পানি বাড়তে থাকলে যে কোনো সময় শিমলা-খুদবান্ধি বাঁধটি ভেঙে যেতে পারে। এতে তিনটি ইউনিয়নের অর্ধশত গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
রতনকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম বলেন, অব্যাহত ভাঙনে শত শত পরিবার নিঃস্ব হয়ে পড়লেও পানি উন্নয়ন বোর্ড কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা শুধু পরিদর্শন করেই চলে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, বাহুকা থেকে খুদবান্দি ও কাজিপুরের মেঘাই এলাকা মিলে সাত কিলোমিটার নদী তীর রক্ষা বাঁধের একটি প্রকল্প এরই মধ্যে প্রি-একনেকে অনুমোদিত হয়েছে। একনেকে প্রকল্পটি অনুমোনের অপেক্ষায় রয়েছে। ৬৮৮ কোটি টাকার ওই প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ভাঙন থেকে রক্ষা পাবে স্থানীয় জনগণ।