
নিউজ ডেস্কঃ নির্বাচন কমিশনার মো. মাহবুব তালুকদার বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ ভাবে কাজ করছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন,এই নির্বাচন কমিশন কোন পেশী শক্তির কাছে মাথা নত করবে না। নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে সম্পূর্ণ নির্দলীয় ও নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার টাঙ্গাইলের মির্জাপুর ও সখীপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বেলা এগারটার নির্বাচন কমিশনার উপজেলা পরিষদ চত্বরে এসে পৌঁছালে টাঙ্গাইল জেলা, মির্জাপুর উপজেলা ও সখীপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তা-গন তাকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানান।সংবর্ধনা জানানোর পর মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন ১৬ এপ্রিল মির্জাপুর উপজেলার ৬ ইউনিয়ন ও সখীপুর উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের অভিযোগ তিনি মনযোগী দিয়ে শোনেন।
প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার বলেন, তৃণমূলের নেতৃত্ব থেকেই সঠিক নেতৃত্ব বের হয়ে আসবে।এ জন্য সৎ ও যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হলে এলাকা, দেশ ও সমাজের উন্নয়ন হবে।তিনি বলেন, গণতন্ত্রের জন্য অনেক স্বপ্ন নিয়ে এ দেশ স্বাধীন করেছিলাম। নির্বাচন নিয়ে বিদেশীদের সবক আমাদের কাছে গ্রহণ যোগ্য নয়। আমরা নিরপেক্ষ ভাবে কাজ করে যাবো। ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কারও কাছে মাথা নত করবেন না।নির্বাচন নিয়ে যদি কার বিরুদ্ধে কোন অভিযোগ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে ৯১ সালের বিশেষ আইন প্রয়োগ করে শাস্তি নিশ্চিত করা হবে।
এ সময় টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এ খান, সার্কেল এসপি মো. সাহাদত হোসেন, র্যা ব-১২ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার বীণা রানী দাস, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন উপস্থিত ছিলেন।