
নিউজ ডেস্কঃ ৩হাজার ২৮৯ কোটি ৪৩ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারি তহবিল থেকে পাওয়া যাবে ২হাজার ৪১২ কোটি ৪৪ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থা নিজস্ব তহবিল থেকে যোগান দেবে ৩৪ কোটি ৫৯ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৮৪২ কোটি ৪০ লাখ টাকা পাওয়া যাবে।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
পরিকল্পনামন্ত্রী জানান,পুলিশের সব সদস্যদের জন্য পরিপূর্ণ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য তিনি দেশের যেসব এলাকায় এখনও পুলিশের প্রয়োজনীয় আবাসন ব্যবস্থা নেই, সেসব এলাকার জন্য আলাদা করে প্রকল্প না নিয়ে সব এলাকার জন্য একসাথে একবারে বড় প্রকল্প গ্রহণ করতে বলেছেন।
পরিকল্পনামন্ত্রী বলেন,জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে ঝুঁকিপ্রবণ উপকূলীয় এলাকায় সরকারিভাবে যেসব আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে, এই ভবনের ছাদের পানি ধরে রাখার জন্য ভবনের সাথে জলাধার নির্মাণ করতে বলেছেন প্রধানমন্ত্রী, যাতে জলাধারে বৃষ্টির পানি ধরে ব্যবহার করা যায়।