
নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী মুসলিম ফ্যাশন নিয়ে আলোচনা চলছে বেশ কয়েক বছর ধরে। এশিয়া ও আফ্রিকার মুসলিম মেয়েদের কিছুটা রক্ষণশীল পোশাক ক্রমে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। এমনকি পশ্চিমের চোখ ধাঁধানো বিভিন্ন ফ্যাশন উইকেও কদর পেয়েছে মুসলিম মেয়েদের পোশাকের নকশা। বলা হচ্ছে, মুসলমান মেয়েদের ফ্যাশনেবল কাপড়চোপড় আর অনুষঙ্গের বিশাল চাহিদা তৈরি হয়েছে বিশ্বব্যাপী, যা এতদিন হয়তো নজরেই আনেননি ডিজাইনার বা ব্যবসায়ীরা।
একটা সময় পর্যন্ত ইসলামী অনুশাসন মেনে একটু রক্ষণশীলভাবে কাপড়চোপড় পরার সঙ্গে ফ্যাশনের রীতিমত বৈরিতা ছিল বলে ধারণা করা হত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, মুসলিম মেয়েদের ফ্যাশনেবল পোশাক আর আনুষঙ্গিকের পেছনে এখন বছরে খরচ হয় হাজার কোটি টাকা। বহুজাতিক বিজ্ঞাপনী সংস্থা ওগিলভির কর্মকর্তা শেলিনা জান মোহামদ বলেন, বিশ্বব্যাপী মুসলিম ভোক্তা ও ক্রেতাদের ক্রয়ক্ষমতা বছর বছর বাড়ছে। এ খাতে এখন মানুষ বছরে ২০০ কোটি মার্কিন ডলার থেকে ৫০০ কোটি ডলার পর্যন্ত খরচ করছে। টাকার অংকে যা দাঁড়ায় কয়েক হাজার কোটি টাকায়।
কিন্তু মুসলিম ফ্যাশন বলতে আসলে ঠিক কি বোঝায়? সাধারণত কাপড়চোপড়ের মধ্যে শরীর ঢেকে একটু রক্ষণশীলভাবে পরা জামা কাপড় এবং মাথার চুল ঢেকে রাখার জন্য হিজাবকে ধরা হয়। এর মধ্যে ফুলস্লিভ অর্থাৎ লম্বা হাত-ওয়ালা এবং ঝুলেও একটু লম্বা গোছের জামা বা শার্ট রয়েছে। শেলিনা বলেন, এই বিশেষ ধরনের চাহিদার জন্য অনেকেই সাধারণ বাজার চলতি দোকান থেকে পছন্দসই পোশাক কিনতে পারেন না।
বিশ্বের নামি সব ব্র্যান্ডগুলো এখন মুসলিম ক্রেতাদের আকৃষ্ট করতে নেমে পড়েছেন নতুন নতুন আইডিয়া নিয়ে। গত বছরের শেষ দিকে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে প্রথমবারের মতো হিজাব পরে ক্যাটওয়াকে অংশ নিয়েছেন মডেলরা। এতে সাধারণ মুসলিম নারীরা মনে করছেন প্রথমবারের মত ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মুসলিম মেয়েদের বিবেচনায় আনা হয়েছে। বিষয়টিকে সমাজের অংশ হয়ে ওঠার একটি প্রতীক হিসেবেও দেখছেন অনেকে।