
নিউজ ডেস্কঃ সংসদে কতবার অসংসদীয় ভাষা ব্যবহার হয়েছে,এটা গণনা না করে জনগণের সমস্যা সমাধানে পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবিকে পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। তাঁর অভিযোগ, সংসদ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে টিআইবি জনমনে সংশয় সৃষ্টি করছে। সংসদ সদস্যদের ইচ্ছাকৃতভাবে অসম্মান করা হচ্ছে। গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ এসব কথা বলেন। গতকাল রোববার এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে টিআইবি বলেছিল, দশম সংসদের ৭ম থেকে ১৩তম অধিবেশনে ১০৩ কার্যদিবসে সংসদের ভেতরে ও বাইরে থাকা প্রতিপক্ষকে আড়াই হাজার বার কটূক্তি বা অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়। টিআইবির বক্তব্যের জবাব দিতে চিফ হুইপ এ সংবাদ সম্মেলন ডাকেন।
আ স ম ফিরোজ বলেন, দেশের ১৬ কোটি মানুষের অনেক সমস্যা রয়েছে। সে বিষয়ে টিআইবির কোনো গবেষণা নেই। সংসদের কোন সদস্য কতবার অসংসদীয় ভাষা ব্যবহার করেছে, এটা গণনা করা একটি প্রতিষ্ঠানের কাজ হতে পারে না। সংসদের কোরাম সংকটের বিষয়ে চিফ হুইপ বলেন, সংসদের কার্যপ্রণালি বিধিতে কোরাম-সংকটের বিষয়ে যে নির্দেশনা আছে, তাঁরা তা অনুসরণের চেষ্টা করেন। কোরাম-সংকট যাতে না হয়, সে জন্য হুইপরা যথাযথভাবে কাজ করছেন। অনেক সময় অনেক রাত পর্যন্ত সংসদ চললে কোরাম-সংকট হতে পারে। কিছুটা কোরাম-সংকট থাকলেও তা নেতিবাচকভাবে উপস্থাপনের প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। চিফ হুইপ দাবি করেন, কোরাম-সংকটের কারণে অর্থ অপচয়ের যে হিসাব টিআইবি দিয়েছে, তা মনগড়া। বিদেশি প্রভুদের অর্থ হালাল করতে টিআইবি তুচ্ছ বিষয় নিয়ে পানি ঘোলা করছে। সংস্থাটি সব সময় নেতিবাচক গবেষণা প্রতিবেদন প্রকাশের মাধ্যমে সাংসদদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। তিনি জনগণ সম্পর্কে কথা বলতে টিআইবির কর্তা ব্যক্তিদের নির্বাচনের মাধ্যমে সংসদের যাওয়ারও পরামর্শ দেন।
আন্তর্জাতিক চুক্তি সংসদে উপস্থাপন না করার বিষয়ে আ স ম ফিরোজ বলেন, অন্য দেশের সঙ্গে চুক্তি সম্পাদনের বিষয়টি সরকারের নির্বাহী বিভাগের কাজ। চুক্তি হলে সরকার তা রাষ্ট্রপতির কাছে পেশ করবে এবং রাষ্ট্রপতি তা সংসদে পেশ করার ব্যবস্থা করবেন। সংগত কারণে চুক্তিসংক্রান্ত বিষয়ে কখনোই সংসদে আলোচনা হয়নি। তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ ভারত সফরের আগ পর্যন্ত ভারতের সঙ্গে ৮৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। বিভিন্ন মেয়াদে বিএনপি ও জাতীয় পার্টির সরকারের সময়ও চুক্তি সই হয়েছে। কোনো চুক্তি নিয়ে কখনো সংসদে আলোচনা হয়নি।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে হুইপ শহীদুজ্জামান সরকার ও ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।
চিফ হুইপের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান আজ সন্ধ্যায় বলেন, আমাদের উদ্দেশ্য সংসদের মর্যাদা ক্ষুণ্ন করা নয় কখনোই। বরং সংসদের কার্যকারিতা বৃদ্ধির সুযোগ ও এর সম্ভাবনার দিকটি তুলে ধরাই ছিল এ গবেষণার কাজ। এর মাধ্যমে আমাদের গণতন্ত্রের উৎকর্ষ সাধনই আমাদের মূল লক্ষ্য। মানুষের সমস্যা নিয়ে টিআইবির কোনো গবেষণা নেই—চিফ হুইপের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ইফতেখারুজ্জামান বলেন, আমরা শুধু সংসদীয় গণতন্ত্র নিয়েই কাজ করি না। এর পাশাপাশি আমাদের ম্যান্ডেট অনুযায়ী দুর্নীতি, সুশাসন নিয়ে কাজ করি। চিফ হুইপ যদি মনে করেন এর বাইরে আর কোনো সমস্যার বিষয়ে আমাদের কাজ করা উচিত, তবে তিনি আমাদের পরামর্শ দিন, আমরা তা সাদরে গ্রহণ করব। টিআইবির নির্বাহী পরিচালক বলেন,আমাদের প্রতিষ্ঠান দেশীয়। বাইরের কাউকে খুশি নয়, বরং দেশ এবং দেশের মানুষের পক্ষেই সব কাজ পরিচালিত হয়। আমাদের বিশ্বাস, এসব কাজের মাধ্যমে আমাদের জনপ্রতিনিধিদের কাজের সুযোগ আরও সম্প্রসারিত হবে, উন্নততর হবে।