
নিউজ ডেস্ক : বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলো ভিসা প্রসেসিং ফি, মূল্যায়ন ফিসহ অন্যান্য ফি বাবদ যে অর্থ আয় করে তা সংশ্লিষ্ট দেশে প্রত্যর্পণের ক্ষেত্রে অনুমোদিত ডিলারদের প্রতি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় বিভাগ থেকে এ বিষয়ে তিনটি নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে অনুমোদিত ডিলারদের উদ্দেশ্যে বলা হয়েছে- নির্ধারিত ফি অনুযায়ী ভিসা ফি আদায় হয়েছে কি না তা নিশ্চিত করতে হবে, প্রতিটি ভিসা আবদনের বিপরীতে যে অর্থ আদায় হয়েছে তা বিদেশি দূতাবাস বা অফিস থেকে ইনভয়েস আকারে গ্রহণ করতে এবং যে পরিমাণ কর কর্তনযোগ্য সেটি কর্তন করতে হবে।
এ ছাড়া অনুমোদিত এজেন্টদের মাধ্যমে অভিবাসন আবেদনের বিপরীতে ফি আকারে যে অর্থ আয় করে থাকে তাও উল্লিখিত তিনটি শর্ত অনুযায়ী বিদেশি দূতাবাসগুলো বৈদেশিক মুদ্রায় তা প্রত্যর্পণ করতে পারবে বলেও সার্কুলারে বলা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, ১৯৯৩ সালের ৩ আগস্ট জারি করা সার্কুলার অনুযায়ী, যেসব দেশের দূতাবাস বাংলাদেশে নেই সেসব দেশও ভিসা ফি থেকে অর্জিত অর্থ বিদেশে প্রত্যর্পণ করতে পারে। সার্কুলারের শর্ত ও নিয়ম-নীতি অনুসরণ সাপেক্ষে বিদেশে তাদের যেসব অনুমোদিত ভিসা এজেন্ট আছে তাদের কাছেও অর্থ প্রত্যর্পণ করা যাবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।