
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাদের পলেস্তার খসে পড়ে তিনজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার সকালে বিভাগের ক্লাস চলাকালীন সময়ে ছাদের পলেস্তার খসে পড়ে। এসময় ফ্যানের ইলেকট্রিক লাইন ছিড়ে পড়ে ৪৬ ব্যাচের নাজমুস সাকিব, নেয়ামত খান তানভীর ও আফসানা ইমরান আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী আশরাফুজ্জামান বিপ্লব বলেন, ভাগ্য ভাল যে বড় ধরনের বিপদ থেকে আজ বাঁচা গেছে, প্রশাসনকে এ বিষয়ে সচেতন হওয়া দরকার।
বায়োটেকনোলজি বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমান বলেন,” বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাদ সংস্কারের বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে।” উল্লেখ্য পাঠদানের কক্ষটি এ বছরের ফেব্রুয়ারি মাসে মাইক্রোবায়োলজি বিভাগ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নিকট হস্তান্তর করে।