
নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নির্মাণ করতে হলে অবাধ লুটপাটতন্ত্র ও ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শাসকদলের ভোটের রাজনীতির কারণে দেশে গণতন্ত্রের মরণদশা হয়েছে। গণতন্ত্রবিরোধী শক্তি নানা কৌশলে তাদের স্বার্থ হাসিল করছে। গতকাল রবিবার বিকেলে ফরিদপুর শহরের ভাষাসৈনিক ইমামউদ্দিন আহমাদ স্কয়ারে জেলা সিপিবির উদ্যোগে আয়োজিত জনসভায় এসব কথা বলেন বক্তারা।
বক্তারা বলেন,ঘুষ,দুর্নীতি,লুটপাটের এ অবস্থা থেকে উত্তরণের জন্য দেশপ্রেমিক বাম রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।সুন্দরবন রক্ষার আন্দোলনকে দেশ রক্ষার আন্দোলন উল্লেখ করে বক্তারা বলেন,আমরা বিদ্যুৎ সমস্যার সমাধান চাই। কিন্তু সুন্দরবন ধ্বংস করে নয়। তারা রামপালে না করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বিকল্প স্থানে করার দাবি জানান।
কমরেড রফিকুজ্জামান লায়েকের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, জলি তালুকদার, কানাইলাল গাঙ্গুলি, অরুণ কুমার শীল প্রমুখ। জনসভা শেষে একটি লাল পতাকা মিছিল বের করা হয়।