
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ৭১ সালে যারা জবাই করে মানুষ হত্যা করেছে বিএনপি তাদের সঙ্গে হাত মিলিয়ে ২০০১ সালে ক্ষমতা দখল করেছিল। এখন বিএনপি আবার ক্ষমতায় যাওয়ার জন্য সেই পরাজিত শক্তির সঙ্গে জোট বেঁধে মানুষ হত্যায় নেমেছে। আজ রবিবার ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মধ্যে আউস প্রনোদনা ও সার-বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, এদেশের মানুষ আর ভুল করবে না। জনগণ কোনো দিন জঙ্গি মদদদাতাদের ক্ষমতায় আনবে না।
শিল্পমন্ত্রী বলেন,এদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালের নির্বাচনের আগে কৃষকের ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ৭০ সালের নির্বাচনে তিনি বিজয়ী হলেও সরকার গঠন করতে পারেননি। তাই ২৫ বিঘা জমির খাজনাও মওকুফ করতে পারেননি। বঙ্গবন্ধু ছিলেন কৃষকের বন্ধু, আর তাই ১৯৭৩ সালের নির্বাচনে সরকার গঠনের পর বঙ্গবন্ধু কৃষকদের দেওয়া ওয়াদা পূরণ করেছিলেন।
আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কৃষক বিনামূল্যে সার পায়, আর বিএনপি ক্ষমতায় থাকলে কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয়। এই হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। তিনি বলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের মধ্যে দিয়ে গ্রামের প্রতিটি বাড়ির মানুষ উপকৃত হবে। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে এ দেশে গ্রাম অঞ্চলের সকল পরিবারকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আনা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার, বিভাগীয় সমবায় অধিদপ্তরের যুগ্ম-নিবন্ধক মো. নুরুজ্জামান ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের জেলা সমন্বয়কারী শ্যামা প্রসাদ দে।