
নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে মারপিটের ঘটনায় সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই হাফিজুল হক পিন্টু (৪০) জামিন পেয়েছেন। গতকাল রবিবার (৯ এপ্রিল) বিকালে উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় তিনি জেলা কারাগার থেকে মুক্ত হন।
জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. আল মামুন জানান, উচ্চ আদালত গত ৩ এপ্রিল পিন্টুর জামিন মঞ্জুর করেন। ওই আদেশের প্রেক্ষিতে রবিবার সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তার জামিন মঞ্জুর হয়। বিকাল ৫ টার দিকে জামিন মঞ্জুরের আদেশের চিঠি আদালত থেকে জেলা কারাগারে আসে। পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কারাগার থেকে মুক্ত হন পিন্টু।
উল্লেখ্য, শাহজাদপুর পৌর শহরের কান্দাপাড়ায় পৌরসভার একটি ঠিকাদারী মেরামত ও সংস্কার কাজ নিয়ে দ্বন্দে উপজেলা ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদের সঙ্গে মেয়র মিরুর সহোদর হাবিবুল হক মিন্টু ও হাফিজুল হক পিন্টুর দ্বন্দ হয়। ওই ঘটনার জের ধরে মেয়রের দুই ভাই গত ২ ফেব্রুয়ারি দুপুরে বিজয়কে মেয়র মিরুর বাড়িতে আটকে রেখে হাত-পা ভেঙে দেয়। স্থানীয় লোকজন বিজয়কে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় বিজয়ের চাচা এরশাদ আলী বাদী হয়ে মেয়র মিরু ও তার দুই ভাই মিন্টু ও পিন্টুসহ ২৫ জনকে আসামি করে ৩ ফেব্রুয়ারি শাহজাদপুর থানায় মামলা করেন। ঘটনার দুই মাস পর উচ্চ আদালত থেকে জামিনের আদেশ প্রাপ্ত হয়ে সিরাজগঞ্জের মুখ্য বিচারকি আদালত থেকে তিনি জামিনে মুক্ত হন। অন্যদিকে, ছাত্রলীগ নেতা বিজয়কে মারপিটের ঘটনার পর তাকে উদ্ধার করার সময় স্থানীয় সরকার দলীয় লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষকারীদের দিকে লক্ষ্য করে মেয়র মিরু ও তার ভাই মিন্টু শটগান দিয়ে গুলি ছোড়ে। ওই সময় খবর সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে সমকাল সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন ঢাকায় নেওয়ার পথে মারা যান শিমুল।