
নিউজ ডেস্কঃ ২শিফটে ভিন্ন প্রশ্নপত্রে জনতা ব্যাংকের নির্বাহী কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৪ মার্চ। তবে ২শিফটের উত্তরপত্র মূল্যায়ন হয়েছে একই মান অনুযায়ী। এতে প্রকৃত মেধা যাচাই হয়নি—এমন দাবি তুলে বেশ কিছু শিক্ষার্থী আজ রোববার বাংলাদেশ ব্যাংকে গিয়ে ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের মহাব্যবস্থাপকের কাছে দেওয়া লিখিত আবেদনে তাঁরা বলেছেন, সকাল ও বিকেল দুই শিফটে সমানসংখ্যক পরীক্ষার্থী অংশ নেন। তবে সকালের শিফট থেকে উত্তীর্ণ হয়েছেন সাড়ে ৩হাজার এবং বিকেলের শিফট থেকে সাড়ে ৬হাজার শিক্ষার্থী। তাঁদের দাবি,২শিফট থেকে একই নম্বর পাওয়া শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হয়েছে। যদিও২ শিফটের প্রশ্নপত্র ছিল ভিন্ন। এর ফলে সঠিকভাবে মেধা যাচাই করা হয়নি। ভবিষ্যতে সোনালী ও অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় মূল্যায়নে একই পদ্ধতি অনুসরণ করা হলে অনেকেই প্রকৃত মেধা যাচাই থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা করেছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন,২ লাখ ৪৫ হাজার শিক্ষার্থী জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। এ কারণে সকাল-বিকেল দুই শিফটে পরীক্ষা নিতে হয়েছে। নিয়োগ পরীক্ষার পুরো ব্যবস্থাপনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ। দুই শিফটের পরীক্ষা ভিন্ন প্রশ্নে হলেও ধরন ছিল এক রকম। এ কারণে মূল্যায়নও করা হয়েছে একই মান অনুযায়ী।