
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে যেসব চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হয়েছে এরমধ্য দিয়ে কীভাবে দেশ বিক্রি হয়েছে তার প্রমাণ খালেদা জিয়াকে দিতে হবে। দেশ বিক্রির প্রমাণ দিতে না পারলে খালেদা জিয়াকে জাতির কাছে চাওয়ার আহ্বান জানান তিনি। আজ রবিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন সেগুলো ভালভাবে পড়ুন। এ সকল চুক্তিতে গোপন কিছু নয়। সংবাদপত্রেও ভালোভাবে প্রকাশিত হয়েছে। সারা দেশের মানুষ পত্র-পত্রিকার মাধ্যমে সব কিছু জানতে পেরেছে। এখানে লুকোচুরির কিছু নেই। তিনি বলেন, এ চুক্তিগুলো আপনারা লাইন বাই লাইন পড়ুন। তারপর যুক্তি সহকারে বলুন কিভাবে দেশ বিক্রি হয়েছে, দেশ বিক্রির দলিলপত্র দেখাতে হবে। আর তা প্রমাণ করতে না পারলে বিএনপি নেত্রী ও নেতাদের জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভারত বিরোধীতা করে সেদেশের কাছ থেকে কোন কিছুই অর্জন করতে পারেনি। কারণ শত্রুতাপূর্ণ সম্পর্কের মাধ্যমে ভালো কোন কিছু অর্জন করা যায় না। তাই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে ভারতের কাছ থেকে সব কিছু অর্জন করবে বর্তমান সরকার।
তিনি বলেন, বঙ্গবন্ধুর সীমান্ত চুক্তিকে স্বাধীনতা বিরোধী শক্তি দেশ বিরোধী চুক্তি হিসেবে অভিহিত করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪১ বছর পর সে চুক্তি বাস্তবায়ন করেছেন। ওবায়দুল কাদের বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বিএনপি-জামায়াত ফেনী থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত ভারত হয়ে যাবে বলে প্রচার চালিয়েছিল। কিন্তু তাদের এ অপপ্রচার হিসেবে দেশের মানুষের কাছে প্রমাণ হয়েছে। ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের স্বার্থে যে কোন চুক্তি করে যাব। আর তা নিয়ে কে কি বললো তাতে আমাদের কোন কিছু যায় আসে না। সেতুমন্ত্রী সকল প্রটোকল ভেঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ সম্মান জানানোয় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ সম্মান শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়, এ সম্মান পুরো জাতির।