
নিউজ ডেস্কঃ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে নতজানু হয়ে প্রতিরক্ষা বিষয়ক সমঝোতায় যে স্বাক্ষর করেছেন বাংলাদেশের জনগণ সেটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তারা এই চুক্তি বাস্তবায়ন হতে দেবে না। তিনি আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চাই, দেশবিরোধী কোনো চুক্তি মানি না শীর্ষক মানববন্ধনে এ কথা বলেন। প্রতিরক্ষাবিষয়ক সমঝোতা প্রসঙ্গে রিজভী বলেন,এই চুক্তিতে দেশের জনগনের কোন প্রকার সম্মতি নেই। জনগণ এই চুক্তি বাস্তবায়ন হতে দেবে না। আমরা আমাদের প্রতিরক্ষা নিজেদের মতো সুন্দর করে সাজাব। ভারত বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার ভেতরে ঢুকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্যই এই চুক্তিটি করতে বাধ্য করেছে। চুক্তির এই দিনটি বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
তিনি বলেন,ভারতকে মনে রাখতে হবে তাদের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বিশেষ একটি রাজনৈতিক দল তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য করেছে। এটি বাংলাদেশ নয়, জনসমর্থনহীন একটি রাজনৈতিক দল। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন,ভারত তাদের পছন্দের দল পছন্দের শাসককে আজীবন ক্ষমতায় রাখতে চায়,যার কারণে তাদের ইচ্ছামতো ব্যবহার করছেন। তারা মনে করে বাংলাদেশের স্বাধীনতা তাদের দয়ার দান। কিন্তু তারা জানে না বাংলাদেশ;নেপাল, ভুটান, সিকিম নয়। বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে নিজস্ব স্বকীয়তায়।
সরকারকে হুঁশিয়ারি করে রিজভী বলেন,সরকারের অগণতান্ত্রিক আচরণে জনগণ চারদিক থেকে ফুঁসে উঠেছে। তারা আর সহ্য করতে পারছে না। আগামী দিনে তারা যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।আয়োজক সংগঠনের সভাপতি সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ,ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান।