
নিউজ ডেস্ক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খাঁনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। রবিবার (৯ এপ্রিল) বিকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহর আদালতে এ চার্জশিট দাখিল করেন সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোক্তারুল আলম। ওসি মো. আতিয়ার রহমান বলেন, ‘চার্জশিট জমা হয়েছে। ম্যাজিস্ট্রেট শুনানির জন্য চার্জশিট জজ কোর্টে পাঠাবেন। তবে রবিবার পর্যন্ত কোনও শুনানি হয়নি।’
তিনি আরও জানান, কাদের খাঁন অবৈধ অস্ত্র ব্যবহার করতেন। লিটন হত্যা মামলায় গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হলে তিনি তা স্বীকার করেন। তার দেওয়া তথ্যে সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি (খাঁনবাড়ী) গ্রামের বাড়ির উঠানের গর্ত থেকে ৬ রাউন্ড গুলিসহ পিস্তল উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহবাজ (মাস্টারপাড়া) গ্রামে নিজ বাড়িতে গুলিতে নিহত হন এমপি লিটন। পরদিন ১ জানুয়ারি লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। পরে ২১ ফেব্রুয়ারি বিকালে কাদের খাঁনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২২ ফেব্রুয়ারি তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের চতুর্থ দিন তাকে আদালতে হাজির করা হলে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে তিনি লিটন হত্যার দায় স্বীকার করেন। বর্তমানে তিনি জেলা কারাগারে রয়েছেন।