
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার ২টি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। আজ রবিবার খালেদা জিয়ার করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে এদিন খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবীর বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার মামলা দুটির কার্যক্রম আজ স্থগিত করা হয়েছে। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ও ২০ ফেব্রুয়ারি পৃথক ২টি পরিবহনে অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় এই মামলা ২টি করে পুলিশ। এর মধ্যে ১০ ফেব্রুয়ারি করা মামলায় ২০১৬ সালের ১২ মে খালেদা জিয়াসহ ২৬ জনের বিরুদ্ধে এবং ২০ ফেব্রুয়ারি করা মামলায় ২০১৬ সালের ১৪ মে খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এই দুই মামলা গত বছরের ১০ আগস্ট আমলে নেন বিচারিক আদালত। এ আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়া চলতি মাসে হাইকোর্টে পৃথক দুটি আবেদন করেন। এতে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুলের আরজি জানানো হয়। ওই আবেদনের শুনানি নিয়ে আজ রবিবার আদালত এ স্থগিতাদেশ দেন।