
নিউজ ডেস্কঃ দেশে আইএস বলতে কিছু নেই, যা আছে তার সবাই হোমমেড জঙ্গি’-পুনরায় জঙ্গি নিয়ে এই বক্তব্য স্পষ্ট করলেন চট্রগ্রামের জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা। আজ রবিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন তিনি। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন এতে সভাপতিত্ব করেন। নুরে আলম মিনা বলেন,জঙ্গিরা মূলত নিম্মশ্রেণির ছেলে-মেয়েদের এবং ইংলিশ মিডিয়ামে পড়া উচ্চবিত্তের সন্তানদের টার্গেট করে। পাশাপাশি যেসব মেয়েদের বাল্যবিয়ে হয়ে গেছে তাদের দলে ভিড়ানোর চেষ্টা করে। কারণ বয়স কম হওয়ার পাশাপাশি তাদের সন্তান থাকলে পরিবার হিসেবে বাসা ভাড়া নিয়ে তাদের কার্যক্রম সম্পন্ন করতে সুবিধা হয়।
তিনি বলেন,জঙ্গিরা উচ্চ লেবেলে পড়াশোনা করা ছেলেদের দিয়ে সরঞ্জাম তৈরি করায়। পরে নিম্মবিত্ত থেকে আসা সন্তানদের সঙ্গে নিয়ে অপারেশন পরিচালনা করায়। এর পাশাপাশি তারা এমন জায়গায় বাসা ভাড়া নেয়-দেখবেন যে অনেক লোকজনের ভেতরে। জনাকীর্ণ এলাকায় বাসা ভাড়া নেওয়ার কারণ হলো যাতে আইনশৃঙ্খলা বাহিনীর অপারেশন করতে অসুবিধা হয়, বলেন পুলিশ সুপার। জঙ্গি নিরসনে প্রত্যোক উপজেলা-ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি ও সভা করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।