
নিউজ ডেস্কঃ ছাত্রলীগের শুরুতে ছাত্র তারপর লীগ। সুতারং ছাত্রলীগ করতে হলে অবশ্যই ভালো ছাত্র হতে হবে। মেধা দিয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন করাই ছাত্রলীগের কাজ। প্রধানমন্ত্রীও বলেছেন, শুধুমাত্র ভাল কর্মী হলেই হবে না, ভাল ছাত্র হতে হবে। আমরা সারা বাংলায় ছাত্রলীগের প্রায় এক কোটি নেতাকর্মী আছি। আমাদের প্রত্যেককে তাদের পরিবার, প্রতিবেশী মহল্লায় খোঁজ নিতে হবে। যদি কোন নিরক্ষর বা স্বাক্ষরজ্ঞানহীন লোক থাকে তাদেরকে অক্ষরজ্ঞান দান করা এই ছাত্রলীগের কর্তব্য। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-২০১৭ উদ্বোধক বক্তব্যকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এ কথা বলেন।
তিনি আরো বলেন, যারা ছাত্রলীগ করেন বা করবেন তাদেরকে অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে। অসমাপ্ত আত্মজীবনী না পড়লে কেউ বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানতে পারবে না। তার আদর্শ ধারন করে বর্তমানে দেশে জঙ্গিদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করা হয়েছে তাতে অংশ গ্রহন করতে হবে। জঙ্গি নির্মূলের পূর্ব পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ এর বিরুদ্ধে কাজ করবে। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইবি শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্ধোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।
ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: আজহর আলীসহ কুষ্টিয়া-ঝিনাইদহ আওয়ামী লীগ, যুবলীগ ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।